বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কর্মরত ৬৬ জন আউটসোর্সিং কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেয়ার অভিযোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত কর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। বুধবার সকাল থেকে তারা হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুুলিয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা ৬৬ জন কর্মীকে চাকরি থেকে বাদ দিয়ে নতুন নিয়োগ দেয়া হয়েছে। তারা বলেন, বছরের পর বছর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে তাদের চাকরি কেড়ে নেয়া হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা যথাযথ কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে।
অবিলম্বে তাদের চাকরি বহাল রাখা এবং নতুন নিয়োগ বাতিল করার দাবি জানান। এ বিয়য়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, তাই বাস্তবায়ন করা হবে। আদালতের রায়ের বাইরে হাসপাতাল কর্তৃপক্ষের এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই বলে তিনি জানান।
