জার্মানির বিদায়ের পর মুখ খুললেন ফিফার রেফারি প্রধান

ভিএআর বিতর্ক

জার্মানির বিদায়ের পর মুখ খুললেন ফিফার রেফারি প্রধান

ফন্ট সাইজ:

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির শেষ ৩২ থেকে বিদায়ের ক্ষত এখনো দগদগে। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ডি মানশাফটরা। তবে ফুটবলবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ১০১ মিনিটে বাতিল হওয়া জোনাথান টার সেই অতিরিক্ত সময়ের গোলটি। সেটি বৈধ হলে হয়তো জার্মানিই আজ শেষ ১৬-তে থাকত। জার্মান শিবিরে যখন ক্ষোভের আগুন, ঠিক তখন নীরবতা ভেঙে বিতর্কিত সেই ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার রেফারি কমিটির প্রধান কিংবদন্তি পিয়েরলুইজি কলিনা রেফারি জালাল জায়েদের সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক উল্লেখ করে নিয়মের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার জানান, টুর্নামেন্ট শুরুর আগেই কোচ ও খেলোয়াড়দের এই নতুন নির্দেশনা দেয়া হয়েছিল।

কলিনা বলেন, ‘কোনো পজিশন ধরে রাখা নিজে থেকে কোনো ফাউল নয়। কিন্তু যখন একজন আক্রমণভাগের খেলোয়াড় বলের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে ইচ্ছাকৃতভাবে, সামান্য হলেও প্রতিপক্ষের মুভমেন্টে বাধা সৃষ্টি করে এবং তাকে ডিফেন্ড করতে বাধা দেয়, তখন রেফারি ও ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত। বিশেষ করে, যখন এই কৌশলের উদ্দেশ্য থাকে গোলকিপারকে গোল বাঁচানো থেকে বিরত রাখা।’

তবে ফিফার এই ব্যাখ্যাকে ‘হাস্যকর’ ও ‘দিবালোকে ডাকাতি’ বলে ক্ষোভ উগরে দিয়েছেন জার্মান কিংবদন্তি থমাস মুলার। ম্যাচ শেষে অফিশিয়ালদের ধুয়ে দিয়ে এই সাবেক স্ট্রাইকার বলেন, ‘আমি সত্যি জানি না ভিএআর এখন কী দেখছে! গোলকিপার মাঠের সবচেয়ে ভাগ্যবান খেলোয়াড়, কারণ আমার দেখা মতে ওটা জার্মানির সম্পূর্ণ বৈধ গোল ছিল। আমরা জার্মানরা প্রতারিত বোধ করছি। প্রযুক্তির দ্বারা সুরক্ষিত হওয়ার বদলে মনে হচ্ছে আমরা শাস্তি পাচ্ছি।’

গোল বাতিল হওয়া ও পরে টাইব্রেকারে পেনাল্টি মিস করা সতীর্থ জোনাথান টার জন্য দুঃখ প্রকাশ করে মুলার বলেন, ‘একজন খেলোয়াড়ের সারাজীবনের স্বপ্ন এভাবে ঘরের ভেতর বসে থাকা কেউ মুছে দিতে পারে না।’

জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যানও ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্তকে একটি ‘কৌতুক’ বলে আখ্যা দিয়েছেন। তবে কলিনা সাফ জানিয়ে দিয়েছেন, দলগুলোকে আগেভাগেই কঠোরভাবে সতর্ক করায় এখানে অবাক হওয়ার কিছু নেই। এই চরম নাটকীয় জয়ের পর আগামী শনিবার ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন