ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি’র আর্জেন্টিনার প্রেমে মজেছেন ‘টাইটানিক’ নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা, অভিনেত্রী, মডেল কামিলা মোরোনে। আর্জেন্টিনাকে ভালবেসে তিনি বিশ্বকাপের ম্যাচে গ্যালারি উপস্থিত। সেখান থেকেই আর্জেন্টিনা শিবিরের ঢেউয়ে যোগ দিয়েছেন। ২৯ বছর বয়সী কামিলার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা-মা দু’জনই আর্জেন্টাইন। তাই স্বাভাবিকভাবেই তিনি আর্জেন্টিনার জাতীয় দলের সমর্থক। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হওয়ায় নিজ দেশের খেলা সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করেননি তিনি। এ খবর দিয়েছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকা।
ডিক্যাপ্রিওর চেয়ে ২২ বছরের ছোট কামিলা লস অ্যানজেলেসে বেড়ে উঠেছেন। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার তৃতীয় জয় দেখার জন্য তিনি টেক্সাসে উপস্থিত ছিলেন। সেই ম্যাচে লিওনেল মেসি একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেন। আর্জেন্টিনা ৩-১ গোলে জর্ডানকে হারিয়ে সহজেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। শেষ ১৬-এর লড়াইয়ে শুক্রবার রাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি কামিলা। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি আর্জেন্টাইন। এ নিয়ে যে কতটা গর্ব অনুভব করি, তা তোমরা কখনোই বুঝতে পারবে না!!!!!!’ তিনি আরও লিখেছেন, ‘বিশ্বকাপে মেসিকে সামনে থেকে দেখা (আর গোল করতে দেখা) ছিল আমার জীবনের স্বপ্ন সত্যি হওয়ার মতো!!!!!’ এরপর তিনি লিখেছেন, ‘আমন্ত্রণ জানানোর জন এডিডাস ও এডিডাস অরিজিনাল’কে ধন্যবাদ। ফাইনালে দেখা হবে, ঠিক আছে???’ সবশেষে তিনি যোগ করেন, ‘চলো বয়েজ, আরেকটি বিশ্বকাপ জিতি!’
অভিনেত্রী ও মডেল কামিলা মোরোনে শৈশবে প্রায় এক দশক হলিউড কিংবদন্তি আল পাচিনোর পরিবারের সান্নিধ্যে বড় হয়েছেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন। ম্যাচ দেখতে এসে তিনি হাতাকাটা আর্জেন্টিনার জার্সি পরেন, যার পেছনের অংশ ছিল বিশেষ নকশার। এ ছাড়া তার পরনে ছিল হালকা নীল রঙের আর্জেন্টিনা-থিমের বাকেট হ্যাট এবং সাদা জিন্স। স্টেডিয়ামের বাইরে হাসিমুখে নিজের প্রিয় দলকে উৎসাহ দিতে দেখা যায় তাকে। নিজের আসনে বসার পর মুখে আর্জেন্টিনার পতাকার রং আঁকিয়ে তিনি প্রতিক্রিয়া জানান। সাদা রঙের একটি হ্যান্ডব্যাগ হাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবিও প্রকাশ করেন, যেখানে মাঠে বদলি খেলোয়াড় হিসেবে নামার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি।
স্টেডিয়ামে তিনি সমর্থকদের সঙ্গে ছবিও তোলেন। একাধিক ছবিতে তাকে শান্তির প্রতীক হিসেবে দুই আঙুল তুলে পোজ দিতে দেখা যায়। মাঠকে পেছনে রেখে একটি সেলফিও তুলেছেন তিনি। কামিলার ৫৪ লাখ ইনস্টাগ্রাম অনুসারীর একজন মন্তব্য করেন, ‘কী অসাধারণ একজন নারী!’ আরেকজন লিখেছেন, ‘তুমি যে এত গর্বের সঙ্গে নিজেকে আর্জেন্টাইন বলে পরিচয় দাও, সে জন্য আমরা তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ জানাই।’ তৃতীয় একজনের সংক্ষিপ্ত মন্তব্য- ‘আমি তোমাকে ভালোবাসি।’
