সুপার এইটের ম্যাচে এক শিমরন হেটমায়ারের জবাবটাই দিতে পারলো না জিম্বাবুয়ে। সোমবার ৯ রানে জীবন পাওয়া এ ক্যারিবিয়ান তারকা শেষ পর্যন্ত থামেন ৩৪ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংসে। একইসঙ্গে, দলীয় ২৫৪ রানের ইনিংসেও রেকর্ড বই নতুন করে সাজানো হয়। ম্যাচের পর নতুন সব রেকর্ড গড়া হেটমায়ার জানালেন, ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা বাদ দেয়াতেই সুফল পেয়েছেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে তাদের তোলা ২৫৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপেই দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও শ্রীলঙ্কার খাতায়। ২০০৭-এ কেনিয়ার বিপক্ষে সেই কীর্তি গড়ে লঙ্কানরা। এ পথে সীমিত সংস্করণের বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হয়ে ১৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন হেটমায়ার। এ পথে নিজেকেই ছাড়ান এ মারকুটে ব্যাটার। এবারের আসরেই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেটমায়ার জানান, ক্রিজের বাড়তি চিন্তা বাদ দেয়াতেই তার সুফল পাচ্ছেন। ২৯ বছর বয়সী ক্যারিবিয়ার তারকা বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা করছি না, (সেটি কাজে লাগছে)। আগে অতিরিক্ত ভাবতাম। আমি এখন কম ভাবার চেষ্টা করছি এবং যা করার এখন ব্যাটই করবে।’
