জয়ের পর বিতর্কে কুনিহা

ফন্ট সাইজ:

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। এই জয়ের আনন্দের মাঝে বিতর্কে জড়ালেন ফরোয়ার্ড মাথেউস কুনিহা। জয়সূচক গোলের পর দেখা যায়, এক হাত দিয়ে নিজের জার্সিতে থাকা ব্রাজিলের প্রতীক দেখাচ্ছেন কুনিহা। অন্য হাতে তুলে ধরছেন পাঁচ আঙ্গুল। এই অঙ্গভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা। মূলত জাপানের ফুটবলার কেন্তো শিওগাইয়ের ম্যাচ শুরুর আগে একটি মন্তব্যের পাল্টা জবাব ছিল এটি। ম্যাচের আগে শিওগাই মন্তব্য করেছিলেন, ‘ব্রাজিল এখন আর আগের মতো নেই। তারা এখন ফুটবল বিশ্বে আর পাওয়ারহাউজ নয়।’ বিতর্ক ছড়িয়ে পড়ার পর ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে একাধিক স্টোরি পোস্ট করে ব্যাখ্যা দেন কুনিহা।

সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন। কুনিহা বলেন, ‘সবাইকে সম্মান দিয়েই বলছি, একজন জাপানি ফুটবলার যদি এত সফল ব্রাজিল দলকে নিয়ে এমন মন্তব্য করেন, সেটা মেনে নেয়া কঠিন। একজন ব্রাজিলিয়ান যদি ব্রাজিলকে নিয়ে সমালোচনা করে, তা আমরা হয়তো মেনে নিতে পারি। কিন্তু বাইরের কেউ করলে আমরা সবাই একসঙ্গে তার জবাব দেই।’ নিজের আচরণের পেছনে জার্সির সম্মানের প্রসঙ্গও টানেন এই ব্রাজিলিয়ান তারকা।

তিনি বলেন, ‘এটা এই জার্সির সম্মানের বিষয়। আমাদের আগে যারা এই জার্সি পরেছেন, তাদের ঐতিহ্য বজায় রাখা এবং আমরা এই জার্সি পরার জন্য যে পথ পেরিয়ে এসেছি, তার প্রতি সম্মান দেখানো উচিত।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন