পিরোজপুর-২ (কাউখালি, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জু সুমন বলেছেন, ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক, ন্যায়ের প্রতীক। ধানের শীষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সকল ভেদাভেদ ভুলে মানুষ যেভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন, তাতে বিজয় এখন দ্বারপ্রান্তে।’ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার, মৈশানি, মেসন্ডা, শশিদ, জিনুহার ও জলাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনের বাকি মাত্র চারদিন উল্লেখ করে বিএনপি প্রার্থী সুমন নেতাকর্মী ও ভোটারদের চোখ-কান খোলা রেখে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জয় অত্যন্ত সন্নিকটে। তবে একটি মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করা ও নির্বাচন বানচালের জন্য ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে।’ এ পরিস্থিতিতে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের সজাগ থাকার পাশাপাশি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। এ সময় প্রার্থী সুমন অভিযোগ করেন, একটি পক্ষ ব্যাংক ঋণখেলাপি হয়েও অর্থের প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এলাকার মানুষ সচেতন ও মূল্যবোধসম্পন্ন। টাকা দিয়ে এখানে ভোট কেনা সম্ভব নয়। নেছারাবাদ, কাউখালি ও ভাণ্ডারিয়ার মানুষ উন্নয়নের স্বার্থে কোনো অপচেষ্টার কাছে নতি স্বীকার করবে না। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সবশেষে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণরায় নিশ্চিত করে তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।
পিরোজপুর-২
বিজয় দ্বারপ্রান্তে, সবাইকে সজাগ থাকার আহ্বান বিএনপি প্রার্থী সুমনের
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
