সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

ফন্ট সাইজ:

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যাত্রাবাড়ীতে আন্দোলনকারী খোবাইব হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করার পাশাপাশি এ জামিনের আদেশ দেন। জামিন আবেদনের শুনানিতে খায়রুল হকের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং সাঈদ আহমেদ রাজা।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এ মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার মক্কেলের মুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই। এর আগে গত ২১ জুন একই মামলায় তার জামিন আবেদন বিচারিক আদালত নাকচ করেছিলেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে ২০ বছর বয়সী খোবাইব নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ ওই বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন।


Andalib

১ ঘন্টা আগে

এই লোকটির কারণে বাংলাদেশের যে অপরিসীম ক্ষতি হয়েছে, মৃত্যুদণ্ড দিলেও তার সাজা যথেষ্ট নয়। এমন মানুষটিকে জামিন দেয়া ঠিক হয়নি।

মন্তব্য করুন