কন্নড় অভিনেত্রী এবং বিগ বস কন্নড়-এর সাবেক প্রতিযোগী দিব্যা সুরেশ ব্যাঙ্গালোরের একটি সড়কে গভীর রাতে হেনস্তার শিকার হয়েছেন। নিজেই এই অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ঘটনাটিকে অত্যন্ত মানসিকভাবে আঘাতকারী বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি শহরে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। দিব্যা সুরেশ দাবি করেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি তার এক কাজিনের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের অনুসরণ করতে শুরু করেন এবং অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, আমি এবং আমার কাজিন রাত প্রায় সাড়ে ১১টার দিকে গাড়ির দিকে হাঁটছিলাম। তখন একজন ব্যক্তি আমাদের অনুসরণ করতে শুরু করেন। আমাদের অনুসরণ করার সময় তিনি প্রকাশ্যেই নিজের শরীর স্পর্শ করে অশালীন আচরণ করছিলেন। আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি লক্ষ্য করি এবং তাকে থামতে বলি। কিন্তু তিনি থামেননি। আমরা গাড়িতে ওঠার আগ পর্যন্ত তিনি একই আচরণ করতে থাকেন। অভিনেত্রী আরও লিখেছেন, শুধু রাতে হাঁটার কারণে কোনো নারীকে এ ধরনের হয়রানির মুখোমুখি হতে হওয়া উচিত নয়। ইনস্টাগ্রাম স্টোরির শেষ দিকে তিনি ব্যাঙ্গালোর পুলিশকে ট্যাগ করে প্রশ্ন করেন, যে নিরাপত্তার আশ্বাস আমাদের বারবার দেয়া হয়, সেটি কোথায়? ঘটনার একটি ভিডিও-ও তিনি ধারণ করেন এবং সেটি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন। যদিও পরে সেটি আর দেখা যায়নি। ভিডিওতে দিব্যা সুরেশকে বলতে শোনা যায়, তিনি ঘটনাটি রেকর্ড করছেন। এ সময় তার কাজিন অভিযুক্ত ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলেন, ওখানে তার হাতের দিকে তাকাও। এরপর দিব্যা বলেন, আমরা গাড়িতে ওঠার পরও সে আমাদের অনুসরণ করছিল। তার কাজিন তখন পুলিশে ফোন করার পরামর্শ দেন। দিব্যা সুরেশ ২০২১ সালে কালার্স কন্নড় চ্যানেলে প্রচারিত বিগ বস কন্নড়-এর অষ্টম মৌসুমে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কন্নড় তারকা কিচ্চা সুদীপ। তিনি নান্না হেন্দথি এমবিবিএস এবং জোড়ি হাক্কি ধারাবাহিকেও অভিনয় করেছেন। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিব্যা ২০১৭ সালে মিস ইন্ডিয়া সাউথ খেতাব জিতেছিলেন। একই বছর #৯, হিলটন ক্রস চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর তিনি রাউডি বেবি, কেম্পু হালাদি হাসিরু এবং হিরণ্যসহ বেশ কয়েকটি কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন।
গত বছর ব্যাঙ্গালোরে গভীর রাতে সংঘটিত একটি ‘হিট অ্যান্ড রান’ দুর্ঘটনার ঘটনায় দিব্যা সুরেশকে অভিযুক্ত গাড়ির চালক হিসেবে শনাক্ত করা হয়। ২০২৫ সালের ৪ অক্টোবর রাত প্রায় দেড়টার দিকে বায়াতারায়ানাপুরা এলাকার নিত্যা হোটেলের কাছে ওই দুর্ঘটনায় তিনজন আহত হন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দিব্যা সুরেশকে শনাক্ত করা হয়। পশ্চিম ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ড. অনুপ শেঠি জানান, ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
