বিশ্বকাপ জয়ের আশা ছিল জার্মানির। ফেভারিটের তালিকায়ও তারা ছিল। কিন্তু তার কাছাকাছি পৌঁছার অনেক আগেই তাদেরকে বিদায় জানিয়েছে প্যারাগুয়ে। এমন অবস্থায় জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমানের জন্য আগামী কয়েক সপ্তাহ ও মাস কঠিন হতে যাচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে হেরে এমন হতাশাজনক বিদায়ের মুখে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পদত্যাগে রাজি নন কোচ জুলিয়ান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। জার্মানির ফুটবল কর্তৃপক্ষ, সমর্থক এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের অনেকেই জুলিয়ান নাগেলসমান ও তার দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ। এরই মধ্যে তাকে সরিয়ে সাবেক লিভারপুল কোচ জুর্গেন ক্লপকে দায়িত্ব দেয়ার গুঞ্জনও জোরালো হয়েছে।
তবে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ নাগেলসমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ‘পালিয়ে যাবেন না’। পরাজয়ের পরও দায়িত্বে থাকতে চান বলে জানিয়েছেন নাগেলসমান। ৩৮ বছর বয়সী এই কোচের সঙ্গে জার্মানির চুক্তি রয়েছে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। তবে বিশ্বকাপে অকাল বিদায়ের কারণে এখন তার ওপর তীব্র চাপ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ’কে তিনি বলেন, আমি এমন মানুষ নই, যে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি দায়িত্ব চালিয়ে যেতে চাই। কিন্তু ফুটবলে সবকিছু সব সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। যদি ডিএফবি (জার্মান ফুটবল ফেডারেশন) আমাকে দায়িত্বে রাখতে চায়, তাহলে আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগের প্রস্তুতি নেব।
দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের কাছে এই হার ছিল বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির প্রথম পরাজয়। সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ জুর্গেন ক্লপ দীর্ঘদিন ধরেই জার্মানির সম্ভাব্য ভবিষ্যৎ কোচ হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি ম্যাচটি দেখতে ম্যাসাচুসেটসে উপস্থিত ছিলেন এবং জার্মান সম্প্রচারমাধ্যম মাজেনটা টিভির হয়ে কাজ করছিলেন। সোমবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্লপ সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, আমি বুঝতে পারছি, আমার নাম আলোচনায় আসছে। কিন্তু এটি এ বিষয়ে কথা বলার সঠিক সময় নয়- বিশেষ করে আমার সঙ্গে নয়।
যদিও এ বিষয়ে এখনো ডিএফবি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবু অনেকের ধারণা নাগেলসমানের দায়িত্ব ধরে রাখার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকা ক্লপ যদি জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে সম্মত হন, তাহলে পরিবর্তনের সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে।
