বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে কুষ্টিয়া জেলায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ মানবজমিনকে বলেন, আজ হাসানুল হক ইনুর বিচারের ঘোষিত রায় আদালতের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করি। আশা করি, জুুলাই আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ ছয়টি পরিবার এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।
মামলার তদন্ত ও বিচার কার্যক্রম: আইসিটি বিডি কেস নম্বর-৩/২৫ ‘চিফ প্রসিকিউটর বনাম হাসানুল হক ইনু’ মামলার তদন্ত শুরু হয় গত বছরের ২৫শে মার্চ। মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। একই বছরের ১১ই সেপ্টেম্বর তদন্ত সংস্থা প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে। পরে ২৫শে সেপ্টেম্বর ৩৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল-২-এ জমা দেয়া হয়। অভিযোগপত্রের সঙ্গে চার খণ্ডে সাজানো ১ হাজার ৬৮০ পৃষ্ঠার নথি, ছয়টি ভিডিও, তিনটি অডিও রেকর্ডিং এবং ২০ জন সাক্ষীর তালিকা দাখিল করা হয়। গত বছরের ৩০শে নভেম্বর আটটি অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল মামলার বিচার কার্যক্রম শুরু করেন।
মামলায় প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রত্যক্ষদর্শী, দু’জন বিশেষজ্ঞ, একজন ভিকটিম পরিবারের সদস্য, দু’জন জব্দ তালিকার সাক্ষী, একজন জেলার সাক্ষী এবং একজন তদন্ত কর্মকর্তা ছিলেন। অন্যদিকে, আসামিপক্ষের হয়ে দুইজন সাফাই সাক্ষী আদালতে জবানবন্দি দেন। চলতি বছরের ১৩ই এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৩ই মে শেষ হয়। পরে ট্রাইব্যুনাল ৩০শে জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।
