চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৮টি দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত এবং ২৫ শ্রমিক আহত হয়েছেন। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটেছে গার্ডার বা ভারী বস্তু পড়ে যাওয়া, ক্রেন-হুক-ওয়্যারের ত্রুটি এবং গ্যাস ও অগ্নিকাণ্ডের কারণে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। গতকাল সকাল ১১টায় সীতাকুণ্ডের ইপসা এইচআরডিসি সেন্টারে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘জাহাজভাঙা শিল্প সেক্টরের ২০২৬ সালের জানুয়ারি-জুন অর্ধবার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন’ উপস্থাপন সভায় এ তথ্য জানানো হয়। জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এবং বিলস চট্টগ্রাম কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি বলেন, জাহাজভাঙা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর টেকসই বিকাশ নিশ্চিত করতে শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, এ প্রতিবেদন নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে এবং ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৮টি দুর্ঘটনায় ৩ জন নিহত, ১০ জন গুরুতর এবং ১৫ জন মাঝারি আহত হয়েছেন। এর মধ্যে ২১টি দুর্ঘটনা দিনে এবং ৭টি রাতে ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে এপ্রিল মাসে। প্রতিবেদনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাধ্যতামূলক ব্যবহার, গ্যাস টেস্ট, পারমিট টু ওয়ার্ক (পিটিডব্লিউ), নিরাপদ ক্রেন পরিচালনা, নিয়মিত টুলবক্স মিটিং, জরুরি মহড়া, নিরাপত্তা প্রশিক্ষণ, কার্যকর তদারকি এবং প্রতিটি দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার সুপারিশ করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন, বিলস এলআরএসসি সেন্টার কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ. এম. নাজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তজাম্মল হোসেন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারি কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ সরকারি কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, নিহত ৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
