ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। গত রোববার জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এ বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এর বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রিন্স বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সহায়তা, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং সংস্কৃতির বিকাশে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে বিনিয়োগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পরিকল্পনা প্রণয়ন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, অনুমোদিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
