গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান, মরিচ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মুদি দোকান, অটোরিকশা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বীজ ও সার এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় মুদি দোকান ও অটোরিকশা বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার ১৮০০ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মূলগাঁও গ্রামের সিরাজউদ্দিনকে একটি মুদি দোকান, কাপাইস গ্রামের মোসা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
