কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন। স্থানীয় সূত্র ও প্রেমিকার সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরইমধ্যে দু’জন ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রীযাপন করেন। সম্প্রতি নাইমার তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে সিয়াম। পরে বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে।
এরইমধ্যে নাইমাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাইমা গত রোববার রাতে সিয়ামের বাড়িতে আসে। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা ও সিয়ামের বন্ধু পার্শ^বর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী বাড়ির আরিয়ান রাত্রীযাপন করে। ভোরে সিয়াম প্রেমিকাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে ‘যাতে আশপাশের কেউ না দেখে’। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাইমা। এ সময় সেখানে উপস্থিত ছিল বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।
