নেত্রকোণার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর ধানের শীষ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত ১২টার দিকে আটপাড়া উপজেলার অভয়পাশা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী সমর্থক মোখলেছুর রহমান পরশ ও বাচ্চু মিয়া, নূর মিয়া নামে তিনজন আহত হয়েছেন। পরশ ও বাচ্চু মিয়াকে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরশ উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আবদুস সুবহান মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। পরশ ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। বাচ্চু মিয়া একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ও অভয়পাশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। হামলাকারী রবিকুল ইসলাম একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও আড়াগাঁও গ্রামের বাসিন্দা। নেত্রকোণার আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি মোখলেছুর রহমান পরশ ও বাচ্চু মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারণা করেন। পরে তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বিজয় লাভ করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে অভয়পাশা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মোখলেছুর রহমানের ওপর অভয়পাশা মধ্য বাজারে পৌঁছার পর ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি রবিকুল ইসলাম, রহিছ মিয়া, আলামিন, লালন ও রাজু তাদের লোকজন নিয়ে হামলা করেন।
পরশ বলেন, আমি ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত দুইবারের সাধারণ সম্পাদক এবং দুইবারের সভাপতি ওই ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীকের ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছি। ওই হিসেবে আমি বাজারে লুটপাট এবং ভাঙচুর করতে দেইনি। এরপর তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়। এ সময় বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াকেও তারা মারপিট করে।
অভয়পাশা বাজারের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া বলেন, অভয়পাশা বাজারের শিডিউল সোমবার জমা দেয়ার শেষদিন। ইজারার বিষয়ে মোখলেছুর রহমান ও আমরা মিটিং করে রাত ১২টার দিকে বাড়িতে যাচ্ছিলাম। মধ্য বাজারে রবিকুল তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় মোখলেছুর রহমান ও আমি আহত হই। পরে আমার সঙ্গে থাকা ৫৮ হাজার টাকা তারা নিয়ে যায়। স্বরমুশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি রবিকুল ইসলাম বলেন, রাতে আমি অভয়পাশা বাজারে ছিলাম। হঠাৎ মানুষের ডাক-চিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি মোখলেছুর রহমান পরশ ও বাচ্ছু মিয়ার উপর কে বা কারা হামলা করেছে। তবে এখন আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমি এ ব্যাপারে কিছু জানি না।
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী জানান, শুনেছি অভয়পাশা বাজারে রোববার রাতে একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনাটি রাজনৈতিক কোনো বিষয় না। এটি তাদের দু’পক্ষের বিষয়। নেত্রকোণা জেলা সদর হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাজহারুল আমীন বলেন, আটপাড়ার মুখলেছুর রহমান পরশ ও বাচ্চু মিয়া নামে দুইজন মারামারির আহত রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম জানান, অভয়পাশা বাজারে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সকালে পুলিশ সেনাবাহিনীসহ আমি গিয়েছিলাম। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
