প্রায় তিন বছরের খরা কাটিয়ে অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার। তবে নকআউট পর্বে জাপানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে আজ তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি আভাস দিয়েছেন, এ ম্যাচেও নেইমারের শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগের ম্যাচের চেয়ে এবার বেশি সময় খেলতে পারেন এই ৩৪ বছর বয়সী তারকা।
নেইমারের ফিটনেস ও খেলার সময় নিয়ে কোচ আনচেলোত্তি বলেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে। গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে এখন সে আগের চেয়ে অনেক বেশি ফিট এবং ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ ইতালিয়ান অভিজ্ঞ কোচ আরও বলেন, ‘সে ঠিক কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে খেলার প্রেক্ষাপট এবং আগামীকাল (আজ) পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর।’
গ্রুপ পর্বে ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহারা দারুণ ছন্দে থাকায় ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে স্বস্তিতে আছেন কোচ। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শেষ বত্রিশের এই ম্যাচে সামুরাইদের বিপক্ষে নামবে তারা।
