ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন। এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম। প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এল সুমারিও ডটকম-এর উদ্ধৃতি অনুযায়ী নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।
সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে কমপক্ষে ১৪৩০ জন নিহত হয়েছেন। তিনি জানান, ৩২৩৮ জন আহত হয়েছেন এবং ৩১৪২টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ভারী যন্ত্রপাতির অভাব ও বারবার আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, দলের তারকা ফরোয়ার্ড নেইমারের চোট থেকে সেরে ওঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে পারবেন। ব্রাজিল তাদের ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ জাপানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি।
তবে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। রয়টার্স-এর উদ্ধৃতি অনুযায়ী আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে তার উন্নতি উল্লেখযোগ্য। আগে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারতেন না। এখন তিনি আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন। বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে ব্রাজিল টানা ১২তম বিশ্বকাপে নিজেদের গ্রুপে প্রথম হওয়ার অনন্য কীর্তি ধরে রেখেছে। ব্রাজিল ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপেই নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে। এর মধ্য দিয়ে দলটি গ্রুপ পর্বে আধিপত্যের ৪৪ বছরের অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছে।
