বিশ্বকাপের একটি জনপ্রিয় দর্শক ঐতিহ্যে অংশ নিতে গিয়ে এমন এক বিব্রতকর ঘটনার শিকার হয়েছেন কানাডার এক সমর্থক, যা হয়তো তাকে ভবিষ্যতে আর কখনও সেই আয়োজনে অংশ নিতে নিরুৎসাহিত করবে। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের সোফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও কানাডার ‘রাউন্ড অব ৩২’ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচটি তখনও গোলশূন্য ছিল। একঘেয়ে পরিস্থিতিতে গ্যালারির দর্শকরা শুরু করেন বিখ্যাত ‘মেক্সিকান ওয়েভ’। কিন্তু কানাডার জার্সি পরা এক নারী সমর্থকের জন্য মুহূর্তটি আনন্দের বদলে পরিণত হয় দুঃস্বপ্নে।
গ্যালারির ওপরের স্তরের সামনের সারিতে বসে থাকা ওই সমর্থকের হাতে তখন একটি মোবাইল ফোন ছিল। মেক্সিকান ওয়েভে অংশ নিতে তিনি হঠাৎ উঠে দাঁড়াতেই ফোনটি তার হাত থেকে পিছলে যায়। মুহূর্তের মধ্যেই তার মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তিনি দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, আর তার ফোনটি নিচের গ্যালারিতে পড়ে যায়। ঘটনাটি ম্যাচ সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে এবং আইটিভিসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যমের সরাসরি সম্প্রচারে তার হতাশ মুখ স্পষ্টভাবে দেখা যায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
একজন সমর্থক লিখেছেন, ‘বিশ্বকাপের সেরা ভিডিও ক্লিপটা এইমাত্র দেখা গেল। অল্প সময়ের মধ্যেই এটি সর্বত্র ছড়িয়ে পড়বে। এক নারী মেক্সিকান ওয়েভে অংশ নিতে লাফিয়ে উঠেছিলেন, আর তখনই তার ফোনটি গ্যালারির রেলিং পেরিয়ে নিচের স্তরে পড়ে যায়। এমন দৃশ্য দেখতেই ভালো লাগে!’
