দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা তৈরির কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মতো রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে। গতকাল দুপুরে রংপুর বিভাগের ৮ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা আন্দোলনের সঙ্গে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান আমি। রংপুরের দুই কোটি মানুষের আকাক্সক্ষা তিস্তাকে ঘিরে। আমরা সবেমাত্র সরকার গঠন করেছি।
এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন, তিস্তাপাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করবো। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী সরকারি আদেশ প্রতিপালন করবেন। আমরা আলোচনায় রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎকে স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলকে বেশি গুরুত্ব দিয়েছি। বিভিন্ন সরকারি দপ্তরে নানা ঘাটতি রয়েছে। সেইসঙ্গে দেশের অন্য বিভাগের চলমান কিছু প্রকল্প রংপুর বিভাগে অন্তর্ভুক্ত হয়নি। আমরা সেটা অন্তর্ভুক্ত করতে চাই।
গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবার মামলা করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুল হাবীব দুলু বলেন, যেকোনো ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করার অধিকার রাখে। কারও সঙ্গে অন্যায় হলে যে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে পারে। এ সময় উপস্থিত ছিলেনÑ রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রমুখ।
রংপুরে ত্রাণমন্ত্রী
বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
