আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপি’র ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। গত শনিবার বিকাল ৩টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। রাঙ্গাবালীর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা দলে দলে জনসভায় অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং তিনি নির্বাচিত হলে রাঙ্গাবালীতে হাসপাতাল নির্মাণ, বড়বাইশদিয়া-রাঙ্গাবালী সেতু নির্মাণ, ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু, পাকা সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। কৃষি ভাতা, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন সামাজিক সেবা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা বিএনপি ক্ষমতায় এলে জনগণ পাবে।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিগত সময়ে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং জবাবদিহিতার অভাবে উন্নয়নও হয়নি। রাঙ্গাবালীতে এখনো পর্যাপ্ত রাস্তা, স্কুল-কলেজ ভবন ও হাসপাতালের অভাব রয়েছে, অনেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল। বিএনপি এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন আন্দোলনের কথা তুলে ধরে বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি অগ্রণী ভূমিকা রেখেছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাঙ্গাবালীর উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে এখান থেকে বিএনপি’র প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। জনসভা চলাকালে স্থানীয় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। জনসভা শেষে বিএনপি নেতারা জানান, রাঙ্গাবালীর উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রাঙ্গাবালীতে ধানের শীষের জনসভায় গণজোয়ার, উন্নয়নের প্রতিশ্রুতি
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
