রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে পাবনার যুবলীগ নেতা সাদ্দাম শেখকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম শেখ (৩৪) পাবনা জেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের নূরালী শেখের ছেলে। গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং নতুন সংগঠন ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’র আমিনপুর থানার সভাপতি।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ আশুলিয়ার জামগড়া এলাকায় আত্মগোপনে থেকে রাজধানীসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও নেতৃত্ব দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ সম্প্রতি ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিল। গ্রেপ্তারের পর সাদ্দাম শেখকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
