নেইমার থাকছেন কি?

নেইমার থাকছেন কি?

ফন্ট সাইজ:

জাপানের বিপক্ষে হিউস্টনে শুরুর একাদশে কি থাকছেন নেইমার জুনিয়র! ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফেরা 
নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ২৫ মিনিট। আর জাপানকে বলা যায় নেইমারের প্রিয় প্রতিপক্ষ। আন্তর্জাতিক ফুটবলে নেইমারের সবচেয়ে বেশি গোল জাপানের বিপক্ষেই।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে অল্প সময়ের উপস্থিতিতেই ছন্দে ফেরার ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান পোস্টারবয়। ১৩টির মধ্যে ১২টি সফল পাস দেন নেইমার। ব্রাজিলের অর্ধে করা চারটি পাসই ছিল নির্ভুল। আক্রমণে ওঠার চেষ্টায় ফাইনাল থার্ডে দিয়েছেন পাঁচটি নির্ভুল পাস। সেটি মাঝমাঠে ব্রাজিলের বল নিয়ন্ত্রণে জ্বালানি হিসেবে কাজ করেছে। এ ছাড়া, ম্যাচে চারটি ক্রস করেন নেইমার। বল স্পর্শ করেন ২৪ বার। মিডফিল্ড এবং আক্রমণভাগের মধ্যে সংযোগ রক্ষার দায়িত্ব পালন করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। জাপানের বিপক্ষে নিজেকে আরও মেলে ধরতে চাইবেন নেইমার। এশিয়ান ডার্কহর্সদের বিপক্ষে অতীত রেকর্ড আশাজাগানিয়া।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার ৯ গোল করেছেন জাপানের বিপক্ষে। সেলেসাওদের জার্সিতে ৭৯ গোলের মধ্যে কোনো একটি দলের বিপক্ষে এটি তার সর্বোচ্চ গোল। ব্রাজিলের হয়ে নেইমার জাপানের মুখোমুখি হয়েছেন পাঁচ ম্যাচে। চারটি প্রীতি ম্যাচ ও ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে একটি। ২০১২ সালে দু’টি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি ও ২০২২ সালে এক গোল করেন নেইমার। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ছিল জাপান। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। ২০২০ সালে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের জরিপে এটি ব্রাজিল জার্সিতে তার সেরা গোল নির্বাচিত হয়। জাপানের অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমো আগেভাগেই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে সতর্ক। এফসি টোকিও খেলোয়াড় বলেন, ‘নেইমার একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই।’

ব্রাজিলের আক্রমণভাগে চলছে সুস্থ প্রতিযোগিতা। যে কারণে চোট কাটিয়ে দলে ফেরা নেইমারের শুরুর একাদশে জায়গা পাওয়া সহজ হবে না। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র কোচ আনচেলোত্তির সম্ভাব্য প্রথম পছন্দ। গ্রুপ পর্বে ৪ গোল করে আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলের ভার অনেকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড। মাতেউস কুনহা এবারের আসরে চারটি অন টার্গেট শট নিয়ে তিন গোল করেছেন। তরুণ রায়ানও স্কটল্যান্ডের বিপক্ষে রাফিনহার অনুপস্থিতি সেভাবে টের পেতে দেননি। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ কার্লোরপুত্র ডেভিড আনচেলোত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না।

বিষয়টি নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ডেভিড। পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলোত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না। স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে খেলা আট ফুটবলার শুক্রবারের দলীয় অনুশীলনে ছিলেন না। তাদের রিকভারি সেশন করতে জিমে পাঠান আনচেলোত্তি। তবে অনুশীলনে ঘাম ঝরান ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোস। পরের দিন নিউ জার্সির বেসক্যাম্প ছাড়ার আগে পুরো দলই অনুশীলন করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন