গুজবের মধ্যেই সিলেটে নতুন ডিসি নিয়োগ

গুজবের মধ্যেই সিলেটে নতুন ডিসি নিয়োগ

ফন্ট সাইজ:

সিলেটের বিদায়ী ডিসি সারওয়ার আলম এক সপ্তাহ আগেই সিলেট ছেড়েছেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সিলেট ত্যাগ করেন তিনি। তাকে ফেরাতে মাঠে আন্দোলন দমেনি। নানা ব্যানারে অনেকেই মাঠে সক্রিয় রয়েছেন। প্রতিদিনই করছেন কর্মসূচি পালন। গতকালও নগরে হয়েছে বিক্ষোভ। মাঠের বিক্ষোভের পাশাপাশি নেটদুনিয়ায় নানা গুজব। ডিসি সারওয়ার সিলেট ফিরছেন- এমন গুজবে সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। এই অবস্থায় সরকার থেকে গতকাল সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এতে করে বিভ্রান্তি কেটেছে। পর পর দুই ডিসিকে নিয়ে সিলেটে নানা নাটকীয়তা। গত বছরের আগস্টে পাথরকাণ্ডে বিতর্কিত হয়ে সিলেট ছেড়েছিলেন ডিসি শের মাহবুব মুরাদ। তিনি গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিলেটে নিয়োগ পেয়েছিলেন। তার সময়ে নানা পদক্ষেপ সিলেটে বিতর্কিত হয়েছে।

এমনকি প্রশাসনের ভেতরেও ছিল তীব্র অস্থিরতা। সর্বশেষ সাদাপাথর লুটের ঘটনায় বিতর্কিত হয়ে তিনি সিলেট ছাড়েন। এভাবে বিতর্কিত হয়ে সিলেট ত্যাগের ঘটনা সিলেটে বিরল। তার স্থলে গত বছরের আগস্ট মাসে নিয়োগ পান ডিসি সারওয়ার আলম। তিনি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপসচিব। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার পছন্দে তিনি পাথর লুটপাট ঠেকাতে সিলেটে আসেন। তিনি আসার পর পরিস্থিতি শান্ত হয়। পাথরকাণ্ডের ঘটনায় প্রশাসন সক্রিয় হওয়ায় পিছু হটে লুটপাটকারীরা। লুট হওয়া পাথর ফিরিয়ে এনে প্রতিস্থাপন করা হয় সাদাপাথর পর্যটনস্পটে। নির্বাচনকালীন সময়ে শক্ত হাতে প্রশাসনের হাল ধরেছিলেন সারওয়ার আলম। নির্বাচনের পর বেশ কিছু কাজ হাতে নিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল সিলেটের ফুটপাথকে দখলমুক্ত করা। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে টিমওয়ার্ক করে তিনি সেটি করেছেন। এ নিয়ে অনেক বিক্ষোভ হয়েছে সিলেটে।

তবু সিদ্ধান্তে অনঢ় থাকেন ডিসি সারওয়ার। সর্বশেষ তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে দানবাক্সে হাত দেন। হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সিলগালা করে দেন। এতে বাধে বিপত্তি। মাজারের খাদেমরা তার ওপর নাখোশ হন। তার কর্মকাণ্ডের বিরোধিতা করেন খাদেম অংশ। এ নিয়ে যখন সিলেটে বিতর্ক তুঙ্গে, তখনই গত ২১শে জুন এক আদেশে সারওয়ার আলমকে সিলেট থেকে বদলি করা হয়। তবে সিলেট ছাড়ার আগে মাজারের হিসাব দেখিয়ে দিয়েছেন তিনি। তাকে ঘিরে সিলেটে ক্ষোভ-বিক্ষোভ। পক্ষে অনেকেই মাঠে। প্রত্যাহারের আদেশ বাতিল করতে মাঠে আন্দোলন চাঙ্গা।

যে আন্দোলন এখনো চলমান। গতকালও নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ করা হয়েছে। দাবি জানানো হয়েছে, ডিসি সারওয়ার আলমকে ফেরত আনার। এরইমধ্যে গতকাল সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মু. রেজা হাসানকে। বর্তমান কর্মস্থল কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে- বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু. রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। নবনিযুক্ত ডিসি মু. রেজা হাসান দ্রুতই সিলেটে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন