এবার মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িক বন্ধ ছিল ট্রেন চলাচল। রোববার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানায়, সকালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এ সময় উচ্ছ্বাসে ওড়ানো একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন বাতাসে ভেসে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার) সঙ্গে আটকে যায়। বেলুনগুলো তারে আটকে যাওয়ার পরপরই মেট্রোরেলের সংবেদনশীল সুরক্ষাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছাকাছি এসে থেমে যায় এবং সাময়িকভাবে পুরো লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, এই ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ করা হয়। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।
