জিকো ব্রাজিলের একজন কিংবদন্তি ফুটবলার। তবে শুধু নিজের দেশেই নয়, জাপানের ফুটবলেও তার অবদান এতটাই বেশি যে, দেশটির ফুটবল ইতিহাসেও তিনি এক বিশেষ অধ্যায়ের নাম। তাই বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের মুখোমুখি লড়াইয়ের আগে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সাবেক এই তারকা। হিউস্টনে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটে জাপানের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।
সে ম্যাচে ব্রাজিলের পক্ষেই সমর্থন থাকবে জিকো। তবে একই সঙ্গে সাদা পেলে হিসেবে পরিচিত সাবেক এই ফুটবলার জানালেন, জাপান যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তাতেও তার দুঃখ থাকবে না। কলুনা দো ফ্লাকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জিকো বলেন, ‘ব্রাজিল জিতলে দারুণ হবে, কারণ আমি ব্রাজিলিয়ান। কিন্তু যদি হেরে যায়, তাতেও আমি দুঃখ পাবো না। কারণ জাপানের ফুটবলে কোইমব্রা পরিবারেরও একটু ছোঁয়া রয়েছে।’ নব্বইয়ের দশকের শুরুতে সুমিতোমো মেটালসের (বর্তমান কাশিমা অ্যান্টলার্স) হয়ে খেলেছিলেন জিকো।
সে সময় জাপানে পেশাদার ফুটবলের বিকাশে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপানের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। জাপানের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দুবার ব্রাজিলের মুখোমুখি হতে হয়েছিল জিকোকে। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে যায় এশিয়ার দলটি। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে জিকো বলেন, ‘জাপানের কোচ হয়ে ব্রাজিলের বিপক্ষে দাঁড়ানোর চেয়ে কঠিন আর কী হতে পারে? আমি সেই পরিস্থিতিতে দুবার পড়েছি।’
