ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস। তবে এ ম্যাচের আগে পারিবারিক ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন ডাচ্ ফরোয়ার্ড কোডি গাকপো। অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন এই লিভারপুল তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে গাকপোর সঙ্গী নোয়া ফন ডার বেই এই বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, গর্ভকালীন জটিলতার কারণে তাদের গর্ভস্থ সন্তানটি মারা গেছে। ভাঙা হৃদয় নিয়ে নোয়া লেখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এই বিধ্বংসী খবরটি শেয়ার করছি যে, গর্ভকালীন সময়েই আমাদের ফুটফুটে পুত্রসন্তানটি বিদায় নিয়েছে।’ এই দম্পতি তাদের অনাগত সন্তানের জন্য একটি নামও ঠিক করে রেখেছিলেন। পোস্টে নোয়া লেখেন, ‘অনন্তকালের ভালোবাসা।
চিরকাল আমাদের সন্তান হয়ে থাকবে; এলিজাহ রাফায়েল গাকপো।’ সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর নিজেদের মানসিক অবস্থার কথা জানিয়ে নোয়া বলেন, তারা একটি চার্চে গিয়ে মোমবাতি জ্বালান এবং এরপর তাদের বড় ছেলে স্যামুয়েলকে নিয়ে কাছের একটি খেলার মাঠে যান। সেখানে ঘটে যাওয়া এক অলৌকিক অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, ‘সেখানে আরেকটি শিশু খেলছিল, যার নামও ছিল এলিজাহ। ঈশ্বরের কাছ থেকে এর চেয়ে সুন্দর কোনো সংকেত আর হতে পারতো না। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, আমাদের ছোট্ট ছেলেটি আমাদের থেকে খুব বেশি দূরে নেই।’ কয়েক সপ্তাহ আগেই এই দম্পতি আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তারা দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালে তাদের ঘরে এসেছিল প্রথম সন্তান স্যামুয়েল সেথ।
মানসিকভাবে ভেঙে পড়া গাকপো ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন ও দুঃখের একটি সময়। আমরা একান্তভাবেই সবার কাছে এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার এবং কিছুটা সময় দেয়ার অনুরোধ করছি। আমাদের পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।’ চলতি বিশ্বকাপে ডাচ্ আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসার প্রতীক হয়ে উঠেছেন কোডি গাকপো। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে গোল না পেলেও, সুইডেনের বিপক্ষে ডাচ্দের জয়ে মূল নায়ক ছিলেন তিনিই। ম্যাচের মাত্র ৫ মিনিটে ব্রায়ান ব্রোবির করা প্রথম গোলটির অ্যাসিস্ট ছিল তারই। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে নিজেই জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন এই তারকা।
