বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দল সংসদে একদিনও কথা বলেননি বলেও অভিযোগ করেন তিনি। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। উনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার উনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। উনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি।
মুহিত বলেন, কোন প্রেক্ষাপটে এই বাজেট তৈরি করা হয়েছে এবং আমরা সকলেই জানি। বিগত ১৫ বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি গণ-আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই সংসদ নির্বাচিত হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট দেয়া হয়েছে, আমার বিরোধীদলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয়, কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য। আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো।
