রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফার ইয়াসমিনের স্বামী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা বলেন, শনিবার দিবাগত রাতে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের নাম আরাফাত (১০), সে মাদ্রাসায় পড়াশোনা করে। সন্তানদের পড়াশোনা, আর্থিক সংকটসহ নানা বিষয়ে দুশ্চিন্তায় নিলুফা আত্মহত্যা করেন বলে তার পরিবার দাবি করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন।
