আলজেরিয়াকে হারাতে দল সর্বাত্মক চেষ্টা করবে। ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। কিন্তু আলজেরিয়াকে তো হারানো গেলই না। বরং উঠেছে ম্যাচ পাতানোর অভিযোগ। তবে অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকের দাবি- দু’দলের মধ্যে আগে থেকে কোনো গোপন আঁতাত ছিল না। ৬৭ বছর বয়সী কোচ রাংনিক বলেন, ‘যখন একটি ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়, তখন কেউ কোনোভাবেই ধারণা করতে পারে না যে এটি আগে থেকে ঠিক করা চুক্তি ছিল; বিশেষ করে ম্যাচের শেষ ৯০ সেকেন্ডে আমরা মাঠে যা দেখেছি, তারপর তো প্রশ্নই ওঠে না।’
খেলার ৯৩তম মিনিটে আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ গোল করে তার দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। বদলি খেলোয়াড় সাশা কালাইজিচ ম্যাচের একদম শেষ শটে গোল করে অস্ট্রিয়াকে সমতায় ফেরান। রাংনিক বলেন, ‘খেলার আর মাত্র তিন মিনিট বাকি, এমন সময় যদি কেউ বলতো যে এই ধরনের কিছু ঘটতে যাচ্ছে, তবে আপনি তাকে নিশ্চিত পাগল বলতেন। আমি প্রায় ৪০ বছর ধরে কোচের দায়িত্ব পালন করছি, কিন্তু এত নাটকীয় মোড় এবং এমন অপ্রত্যাশিত রূপ নেয়া কোনো ম্যাচ আমার স্মৃতিতেও নেই।’ অস্ট্রিয়া কোচ বলেন, ‘সবাই যেখানে একটা ম্যাড়মেড়ে ০-০ বা ১-১ গোলের ড্র দেখার অপেক্ষায় ছিল, সেখানে ম্যাচটি শেষ হলো ৩-৩ ব্যবধানে! এটি অবিশ্বাস্য।
ড্রেসিংরুমের সবাই এখন আনন্দে পাগলপ্রায়। আলফ্রেড হিচককও যদি এমন কোনো নাটক লিখতেন, তাহলেও সম্ভবত আমি বলতাম তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন।’ রাংনিক বলেন, ‘কেউ আমাকে এসে বলতে পারবে না যে হুট করে ৯৩ মিনিটে কেউ এমন পরিকল্পনা করবে। আমার মনে হয় আলজেরিয়ার দুই-একজন খেলোয়াড়ের মাথায় হয়তো (ড্র ধরে রাখার) এমন ভাবনা এসে থাকতে পারে, কিন্তু তাদের বাকি স্কোয়াড বা আমার দলের ক্ষেত্রে এমনটা মোটেও সত্যি ছিল না।’ আলজেরিয়ার বিপক্ষে ড্রয়ের ফলে ‘জে’ গ্রুপের রানার্সআপ হিসেবে অস্ট্রিয়া এবং তৃতীয় সেরা দল হিসেবে আলজেরিয়া নকআউট পর্বে জায়গা করে নেয়। আগামী ২রা জুলাই ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।
