ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় টম্বলেন শহরে রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছে ১১ জন। স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। স্থানীয় প্রিফেকচার জানায়, বিধ্বস্ত বিমানটি একটি প্যারাস্যুট প্রশিক্ষণ স্কুলের ছিল। দুর্ঘটনায় বিমানের পাইলট এবং ১০ জন আরোহী- যাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন- সবাই নিহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
আঞ্চলিক প্রিফেক্ট ইভ সেগি সংবাদমাধ্যম বিএফএম’কে জানান, মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটিতে সম্ভবত যান্ত্রিক ত্রুটি বা ক্ষতি দেখা দিয়েছিল। এরপর সেটি প্রায় উল্লম্বভাবে নিচে পড়ে যায়। তিনি বলেন, বিমানটি একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। ইভ সেগির ভাষায়, আর কয়েক মিটার এদিক-ওদিক হলেই এই দুর্ঘটনায় আশপাশের আরও অনেক মানুষ হতাহত হতে পারতেন। তবে দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
