বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২৫ জুন ২০২৬ তারিখে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বিতীয়বারের মতো আয়োজিত বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বি এ আই ডি)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি ও উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি সেসব সৃজনশীল ব্যক্তিত্বকে সম্মাননা জানায়, যারা তাঁদের চিন্তা ও নকশার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ পরিসরকে নতুনভাবে রূপ দিচ্ছেন।
বি এ আই ডি ২০২৫-এ প্রফেশনাল ও অ্যামেচার—এই দুই বিভাগে মোট ২০৮টি প্রকল্প জমা পড়ে। এ বছরের আয়োজনে মোট সাতটি প্রকল্প পুরস্কৃত হয়। প্রফেশনাল বিভাগে পুরস্কারপ্রাপ্ত চারটি প্রকল্প হলো— মেকওভারস বাই আনমন (স্থপতি নাজিফা তাবাসসুম ও স্থপতি আজরিন আলম), কবিতা কুঞ্জ (স্থপতি জুবায়ের হাসান ও স্থপতি তাহমিদা আফরোজ), সোল (স্থপতি উৎস জামান) এবং অজো আইডিয়া স্পেস, গুলশান (স্থপতি মো. রবিউল ইসলাম)। অ্যামেচার বিভাগে পুরস্কৃত হয় বীর চট্টলা (সঙ্গীতা চৌধুরী)। এছাড়া প্রফেশনাল বিভাগে যাত্রা বাংলাদেশ (স্থপতি সারাওয়াত ইকবাল ও স্থপতি মনন-বিন ইউনুস) এবং ছেই ব্লু (Seuil_Bleue) (স্থপতি রাহাত ইবনে হাসান, স্থপতি বিন সাঈদ বখতি এবং স্থপতি রাকিব আহমেদ সরকার) প্রকল্পকে কমেন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি স্থপতি ও ‘মাস্টার অব মাস্টার্স’ খ্যাত স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এবং প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মোঃ মহসিন হাবিব চৌধুরী সহ বার্জার পেইন্টস বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এ আই ডি ২০২৫-এর উপদেষ্টা স্থপতি জালাল আহমেদ, জুরি চেয়ার স্থপতি এহসান খান, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর সভাপতি স্থপতি প্রফেসর আবু সাঈদ এম আহমেদ এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া। জুরি প্যানেলের সদস্য স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, শিল্পী ঢালী আল মামুন, স্থপতি তানিয়া করিম এবং স্থপতি মোহাম্মদ এমরান হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া দেশের খ্যাতনামা স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনাররাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বলেন, “বার্জারে আমরা সবসময় বিশ্বাস করি যে ডিজাইনের রয়েছে মানুষের জীবনযাপন ও কর্মপরিবেশকে ইতিবাচকভাবে রূপান্তরিত করার ক্ষমতা। বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন এমন একটি প্ল্যাটফর্ম, যা সেসব সৃজনশীল পেশাজীবীকে সম্মান জানায়, যারা তাঁদের কাজের মাধ্যমে আমাদের চারপাশের পরিসরে রঙ, রূপ এবং অর্থ যোগ করেন।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও পরিচালক মোঃ মহসিন হাবিব চৌধুরী মন্তব্য করেন, “বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ধারাবাহিকভাবে বাংলাদেশের ডিজাইন অঙ্গনের সৃজনশীলতা, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষের অনন্য প্রকাশ ঘটিয়ে চলেছে। এই উদ্যোগের মাধ্যমে বার্জার ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করা এবং দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই বিকাশে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নিজের বক্তব্যে স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস বলেন, “দশকের পর দশক ধরে আমি এই পেশার বিকাশ, সংগ্রাম এবং ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করার পথচলা প্রত্যক্ষ করেছি। আজকের এই আয়োজন আমাদের ইন্টেরিয়র ডিজাইন কমিউনিটি কতদূর এগিয়েছে, তারই একটি উজ্জ্বল প্রমাণ। বিএআইডি কেবল একটি পুরস্কার নয়; এটি এমন একটি আয়না, যা পুরো একটি প্রজন্মের ডিজাইনারদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত তুলে ধরে এবং দেখায়—যখন শৃঙ্খলার সঙ্গে কল্পনার মিলন ঘটে, তখন কী অসাধারণ সৃষ্টি সম্ভব।” (বিজ্ঞপ্তি)
বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন (বি এ আই ডি) ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনে সৃজনশীল উৎকর্ষ উদযাপন
বিবিধ
১ ঘন্টা আগে
২৮ জুন (রবিবার), ২০২৬, ৪ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
