ভেনেজুয়েলার ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতে ভারত পাঠিয়েছে সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল, চিকিৎসক দল, অত্যাবশ্যকীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ত্রাণসামগ্রী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে দ্রুত ত্রাণ পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ভারতের পাঠানো সহায়তার মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল ইউনিট, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ এবং অন্যান্য মানবিক ত্রাণসামগ্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভারতের এই সহায়তা ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করবে।
ভারতের চিকিৎসক দলে রয়েছেন নয়জন অভিজ্ঞ মেডিক্যাল অফিসার। তাদের সঙ্গে রয়েছে ট্রমা কেয়ার, জরুরি অস্ত্রোপচার, জীবনরক্ষাকারী চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এছাড়া প্রায় ছয় টন ওষুধ, চিকিৎসা উপকরণ এবং মানবিক ত্রাণসামগ্রীও পাঠানো হয়েছে, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে সরবরাহ করা হয়েছে।
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহণ বিমান আইভরি কোস্টের আবিদজান হয়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা হয়েছে। এই দুটি বিমানে মোট প্রায় ৩৫ টন ত্রাণসামগ্রী বহন করা হচ্ছে। সঙ্গে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৪১ সদস্যের একটি বিশেষ ফিল্ড হাসপাতাল দল।
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সরকারি হিসাবে এখনও পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ। ধসে পড়া বহুতল ও বাড়িঘরের ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী। ইতিমধ্যেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ আরও বড় মানবিক সংকট তৈরি করেছে।
ভুমিকম্পবিধ্বস্ত ভেনেজুয়েলায় সেনা ফিল্ড হাসপাতাল, চিকিৎসক দল, ওষুধ এবং ত্রাণসামগ্রী পাঠালো ভারত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
২৮ জুন (রবিবার), ২০২৬, ৩ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
