নিজের ছবি সংবলিত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

নিজের ছবি সংবলিত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে তার গম্ভীর মুখাবয়বের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পাসপোর্টের একটি নমুনা ছবি প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। যেখানে লেখা আছে- ‘স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’ প্রকাশিত নকশায় দেখা যায়, নিজের ডেস্কে ভর দিয়ে বসে থাকা কঠোর অভিব্যক্তির ট্রাম্পের একটি প্রতিকৃতি এবং তার স্বাক্ষর রয়েছে।

পেছনের অংশে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা। ছবিটি সম্ভবত হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরকের তোলা একটি প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। পাসপোর্টের বিপরীত পাতায় রয়েছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম। এর নিচে লেখা আছে- ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’। হোয়াইট হাউস একই নকশা প্রকাশ করে সেখানে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ কথাটি ব্যবহার করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, বিশেষ ‘কাস্টম আর্টওয়ার্ক’- সম্বলিত এই স্মারক পাসপোর্ট ৬ জুলাই থেকে পাওয়া যাবে। তবে ট্রাম্পের ছবি সংবলিত এই নকশা সম্পর্কে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি দপ্তরটি। গত এপ্রিল মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ট্রাম্প-থিমের এই পাসপোর্টগুলো ওয়াশিংটনে সরাসরি উপস্থিত আবেদনকারীদের দেয়া হবে এবং যত দিন মজুত থাকবে, তত দিনই তা পাওয়া যাবে। ক্ষমতায় ফেরার পর ট্রাম্প বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত ছাপ জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। ইতিমধ্যে কয়েকটি সরকারি ভবনের বাইরে প্রেসিডেন্টের ব্যানার টাঙানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষরও যুক্ত হবে। এ ছাড়া তিনি জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর নামের সঙ্গে নিজের নামও যুক্ত করেছিলেন। তবে সম্প্রতি একটি আদালত সেই নাম অপসারণের নির্দেশ দিয়েছে। এই নতুন পাসপোর্ট কার্যকর হলে, দায়িত্ব পালনরত অবস্থায় মার্কিন নাগরিকদের ভ্রমণ নথিতে নিজের ছবি সংবলিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হবেন ডনাল্ড ট্রাম্প।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন