রেকর্ড গড়া জয়ে উজ্জ্বল সেনেগাল

রেকর্ড গড়া জয়ে উজ্জ্বল সেনেগাল

ফন্ট সাইজ:

ভাগ্য আমাদের হাতে নেই। আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা নিজেদের কাজটা ঠিকঠাক সেরেছি। ইরাকের বিপক্ষে জয়ের পর সেনেগাল দলের পারফরম্যান্স এভাবে মূল্যায়ন করেছেন দেশটির কোচ পাপে থিয়াও। সত্যিই দুর্দান্ত খেলেছে সেনেগাল। টিকে থাকার জন্য সম্ভাব্য সেরা লড়াই করছে আফ্রিকার দেশটি। ইরাককে হারিয়েছে ৫-০ গোলে। বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের কোনো দলের সর্বোচ্চ ব্যবধানের জয় এটি। এ জয়ে ফ্রান্স ও নরওয়ের কাছে হারের পর গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে শেষ করা সেনেগালিজরা দেখছে শেষ বত্রিশে যাওয়ার স্বপ্ন। গ্রুপগুলোর মধ্যে তৃতীয় সেরা দল হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১লা জুলাই আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে তারা।

টরন্টো স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে লিড নেয় সেনেগাল। ইদ্রিসা গুয়ের শটে ডিফ্লেকশনের পর কর্নার থেকে হাবিব দিয়ারার গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। ১৩ মিনিটে রেবিন সুলাকা সাদিও মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইরাক। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় সেনেগাল। দ্বিতীয়ার্ধে রীতিমতো গোল উৎসবে মাতে দলটি। ৫৬ মিনিটে লামিন কামারার দুর্দান্ত পাস থেকে ইসমাইলা সার গোল করেন। এ গোলের মাধ্যমে বিশ্বকাপে সেনেগালের সবোর্চ্চ গোলদাতা এখন তিনি (৪)। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন সার। তিন মিনিট পর বদলি নামা পাপে গুয়ে বাম পায়ে অসাধারণ শটে গোল করেন। ৭১ মিনিটে ম্যাচে নিজের জোড়া পূরণ করেন তিনি। বিশ্বকাপে বদলি নেমে দুই গোল করা দ্বিতীয় আফ্রিকান খেলোয়াড় গুয়ে। প্রথমজন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (১৯৯০)।

শেষ দিকে ইলিমান এনদিয়ে বক্সের বাইরে থেকে সেনেগালের পঞ্চম গোলটি করেন। ম্যাচ শেষে ইসমাইলা সার বলেন, ‘এটি এমন একটি ম্যাচ ছিল যা আমাদের জিততেই হতো। আমরা তা পেরেছি। আমরা আরো গোল করতে চেয়েছিলাম। কারণ ফুটবলে কখন কী হয় তা বলা যায় না। পুরো দলকে অভিনন্দন। দলের হয়ে গোল করতে পেরে আমি খুব খুশি। অন্যদের জন্যও আমি আনন্দিত। দেশের হয়ে খেলতে এখানে এসেছি এবং এর জন্য সম্ভাব্য সবকিছুই করছি।’ সেনেগাল কোচ পাপে থিয়াও বলেন, ‘আমরা ৫-০ গোলে জিতেছি। এটি আমাদের প্রাপ্য। ছেলেরা ম্যাচটি দারুণভাবে সামলেছে। এখন আমাদের ভবিষ্যৎ আর আমাদের হাতে নেই। আমাদের এখন অপেক্ষা করতে হবে। তবে আমরা আমাদের কাজটা ঠিকঠাক করেছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন