গণভোট কী- বোঝে না গ্রামের সাধারণ দরিদ্র মানুষ

ফন্ট সাইজ:

গণভোট কী? বোঝে না গ্রামের মানুষ। মাগুরা সদরের বিভিন্ন গ্রাম ও শ্রীপুর উপজেলার নানা গ্রাম ঘুরে সাধারণ, হতদরিদ্র, ছিন্নমূল, কৃষকদের সঙ্গে কথা বলে দেখা গেছে গণভোট কী? কীভাবে গণভোট দিতে হবে জানা না তারা। গণভোট দিলে কী হবে, গণভোটে কী কী প্রশ্ন আছে- সে সম্পর্কেও জানে না তারা। সরকারের পক্ষ থেকে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে গণভোট সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হলেও এখনো গণভোট সম্পর্কে ভালো ধারণা পায়নি গ্রামের সাধারণ মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ গণভোট ও এমপি ব্যালটে ভোট দেবে। গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’- এ দু’টির একটিতে ভোট দিতে হবে। শহর অঞ্চলের মানুষ গণভোট সম্পর্কে অনেকটাই অবগত। কিন্তু গ্রামের অনেক সাধারণ কৃষক, হতদরিদ্র মানুষের গণভোট সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা না থাকায় অনেকে গণভোটে অংশ নাও নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মাগুরা সদরের মঘী গ্রামের কৃষক হারেজ আলী বলেন, আমি একজন সাধারণ কৃষক। সারাদিন মাঠে মাঠে কাজ করি। গণভোট সম্পর্কে এখনো পুরোপুরি ধারণা পাইনি। গণভোট কীভাবে দিতে হবে, গণভোটে কী কী প্রশ্ন থাকবে- তাও আমি জানি না। শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের কৃষক পান্নু মণ্ডল, রিয়াজুল ও অলিক ঘোষ বলেন, এবারের নির্বাচনে আমাদের দুইটি ভোট দিতে হবে। আমরা সারা জীবন সাধারণভাবে সংসদ নির্বাচনে একটি ভোট দিয়ে আসছি। কিন্তু এবার নির্বাচনে যুক্ত হয়েছে গণভোট। এ গণভোট সম্পর্কে আমাদের একেবারেই ধারণা নেই। গণভোট দিলে কী হবে, কেন দিতে হবে- তাও আমরা জানি না। তাই এ সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমাদের ধারণা না থাকায় আমরা গণভোট দিতে পারবো কিনা জানি না। শিক্ষক মারুফ হুসাইন বলেন, গণভোটের গুরুত্ব সম্পর্কে গ্রাম পর্যায়ে সাধারণ হতদরিদ্র মানুষকে ভালোভাবে বোঝাতে হবে। এই নির্বাচনে একটি সাধারণ নাগরিকের ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের গুরুত্ব অনেক বেশি। তাই এ ভোট সম্পর্কে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ ভোটারদের বারবার সরকারের পক্ষ থেকে অবগত করানো উচিত।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন