মন্ত্রী হওয়ার পর মানিকগঞ্জে আসলেন রিতা

সিক্ত হলেন মানুষের ভালোবাসায়

ফন্ট সাইজ:

হজ মৌসুম সামনে রেখে যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা। তিনি স্পষ্টভাবে বলেন, পবিত্র হজ পালনে যাওয়া নাগরিকদের যেন সামান্য অসুবিধাও না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিমানের টিকিট নিয়ে গড়ে ওঠা অসাধু চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার সকালে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, দায়িত্ব নেয়ার পর অল্প সময় পেলেও কাজ শুরু হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে বিশেষ আগ্রহ আছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে প্রস্তুতির প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে প্রবাসীদের যাতায়াতে স্বস্তি ফেরাতে বিমানবন্দরে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। যাত্রীরা যেন দেশে নেমেই ইতিবাচক পরিবর্তন অনুভব করেন, সে লক্ষ্যেই কাজ এগোচ্ছে।
এ সময় মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি ও যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর আফরোজা খান রিতা তার বাসভবন মুন্নু সিটিতে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ তার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন রিতা। সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো মুন্নু সিটি। সাংগঠনিকভাবে শুভেচ্ছা জানায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, তাঁতি দল। এ ছাড়া, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের পক্ষ থেকেও আফরোজা খান রিতাকে অভিনন্দন জানানো হয়। রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তা ছাড়া, আফরোজা খান রিতার নিজের প্রতিষ্ঠান মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, হুরন নাহার উচ্চ বিদ্যালয়সহ মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন