যত চুক্তি হবে, সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সংসদে নিয়ে আসা ভালো

সংসদে বিরোধী নেতা

যত চুক্তি হবে, সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সংসদে নিয়ে আসা ভালো

ফন্ট সাইজ:

মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শনিবার সকালে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলেন নেতা শফিকুর রহমান বলেন, ‘অন্য দেশের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি হবে, সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সংসদে নিয়ে আসা ভালো হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু করণীয় আমরা সরকারকে আশ্বস্ত করছি আমরা সকল সহযোগিতা করবো।’

মালয়েশিয়া ও চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাংলাদেশ আমদানিনির্ভর দেশ। আমাদের রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি। আমাদের রপ্তানির দুই মূল খাত তৈরি পোষাক ও ম্যানপাওয়ার। এখানে বৈচিত্র্য আনার যথেষ্ঠ সুযোগ আছে। সেজন্য সংক্ষিপ্ত, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।’

‘প্রধানমন্ত্রী তার সফরে এ বিষয়গুলো মাথায় রেখে দুটি দেশের মধ্যে আলোচনা করেছেন। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি হবে, সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সংসদে নিয়ে আসা ভালো হবে-’ উল্লেখ করেন তিনি।
দেশের স্বার্থ আগে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনও মেনে নেবো না। দেশের স্বার্থ আগে। সমঝাতা স্বারক বা চুক্তি যাই হোক, সেটা হবে দুই দেশের স্বার্থের ভিত্তিতে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন