জার্মানিকে হারানোর পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

জার্মানিকে হারানোর পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

ফন্ট সাইজ:

বিশ্বকাপে শক্তিশালী জার্মানিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। তাই পুরো দেশটিতে আজ শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের এই ঐতিহাসিক জয় দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সমালোচনা, অপমান এবং কঠিন সময় পার করার পরও ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো দেশের জন্য এই বিশাল আনন্দ নিয়ে এসেছে। আগামীকাল ছুটি! ইকুয়েডর দীর্ঘজীবী হোক।'

ম্যাচের মাত্র ২ মিনিটে পিছিয়ে পড়েও ,নিলসন আঙ্গুলো এবং গনজালো প্লাতার গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারায় লা ত্রিকোলররা। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিলো দলটি। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সাথে ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়ে ইকুয়েডর।

৭৭ মিনিটে জয়সূচক গোল করা ফ্লামেঙ্গো স্ট্রাইকার প্লাতা বলেন, 'আমরা শেষ গ্রুপ ম্যাচ পর্যন্ত ভুগেছি এবং ভাগ্যিস ফলাফল আমাদের পক্ষে এসেছে। আমরা পরবর্তী ম্যাচেও একই ক্ষুধা নিয়ে মাঠে নামবো এবং যা-ই ঘটুক না কেন, নিজেদের সবকিছু উজাড় করে দেবো।'

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন