রামিসা হত্যা মামলা: স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট হাফিজুর

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে আইনজীবী) হিসেবে এডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে আসামির পক্ষে শুনানি পরিচালনার জন্য একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ বিষয়ে আইনজীবী হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন ছাড়া তা কার্যকর করা যায় না, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। আর ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে আসামির যদি নিজস্ব আইনজীবী না থাকে, তবে রাষ্ট্রীয় খরচে আইনজীবী দেয়া আইনেরই অংশ। মামলার বর্তমান অবস্থা ও নিজের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, মামলার পেপারবুক ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং আমি তা হাতে পেয়েছি। এখন আমার প্রধান কাজ হলো এই পেপারবুকটি পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি (পর্যালোচনা) করা। স্টাডি শেষ করে শুনানির জন্য আমি আদালতে বিষয়টি উপস্থাপন করবো।

তিনি আরও বলেন, আমাকে যেহেতু একিউজডের (আসামির) পক্ষে ডিফেন্ড করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, সেহেতু আমাকে মামলার এভিডেন্সের ওপর নির্ভর করেই কথা বলতে হবে। নিম্ন আদালতে যে সমস্ত সাক্ষ্য-প্রমাণ আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে নিম্ন আদালতের জাজমেন্টটি কীভাবে হয়েছে, সেটিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সবকিছু অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করে চূড়ান্ত জাজমেন্ট দেবেন।

মামলার নথি অনুযায়ী, গত মে মাসে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিচার শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। গত ১৬ই জুন হাইকোর্ট বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষেও আইনগত প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। এজন্য রাষ্ট্রীয় খরচে একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়া হয়। এর ধারাবাহিকতায় এডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি হাইকোর্টে আসামিদের পক্ষে আপিল ও ডেথ রেফারেন্স শুনানিতে অংশ নেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন