রংপুরে ৬ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের স্মারকলিপি

রংপুরে ৬ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের স্মারকলিপি

ফন্ট সাইজ:

পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। বৃহস্পতিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্য সচিব পলাশ কান্তি নাগের নেতৃত্বে সদস্যরা নেসকোর সহকারী প্রকৌশলী ইকবাল আসিফের মাধ্যমে প্রধান প্রকৌশলীর বরাবর স্মারকলিপি দেন।
নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত বছরের জুলাই মাসে জারি করা অফিস আদেশে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে আবশ্যিকভাবে শুধুমাত্র স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহার করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। কিন্তু নেসকো কর্তৃপক্ষ জবরদস্তিমূলকভাবে বাসা-বাড়ি হতে পোস্ট পেইড মিটার অপসারণ করে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন করছে।

প্রি-পেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি নামে অতিরিক্ত অর্থ কর্তন করা হচ্ছে। আবার রিচার্জকৃত ব্যালেন্স শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছে। বিদ্যুৎ আইন ২০১৮ এর বিধানমতে বকেয়ার দায়ে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। তাই প্রিপেইড মিটার পদ্ধতি দেশের প্রচলিত বিদ্যুৎ আইনের সঙ্গেও সাংঘর্ষিক। সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। যা নেসকো কর্তৃপক্ষের চরম স্বেচ্ছাচারিতা ও জবরদস্তির শামিল। এ সময় নেতৃবৃন্দ কোনো গ্রাহককে মিটার স্থাপনে বাধ্য না করা, প্রি-পেইড মিটারের অযৌক্তিক ও অতিরিক্ত সকল ফি প্রত্যাহার, প্রি-পেইড মিটার পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির নামে হয়রানি বন্ধ করা, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করাসহ বিদ্যুৎখাতে অনিয়ম-দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন