লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গত বুধবার লালমনিরহাটের কালীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি মো. আবু সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ শুনে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরে ইউএনও, জেলা প্রশাসক, সচিব পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অবরুদ্ধ অধ্যক্ষকে অবমুক্ত করে নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, অধ্যক্ষ তার খেয়াল খুশিমতো প্রতিষ্ঠান চালাচ্ছেন। প্রতিবাদ করলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ছাড়া সরকারি ছুটির দিন সপ্তাহে দুইদিন আবাসিক হোস্টেল ‘রন্ধনশালা’ বন্ধ রাখে। ফলে আবাসিকে থাকা শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ায় ভোগান্তি পোহাতে হয়। সপ্তাহের ৭ দিনই হোস্টেল চালু রাখার নিয়ম থাকলেও অধ্যক্ষ তার খেয়াল খুশিমতো হোস্টেল বন্ধ রাখেন। এ ছাড়া অভিযোগ রয়েছেÑ অধ্যক্ষ প্রতি বৃহস্পতিবার তার বাড়ি বগুড়ায় চলে যান, ফেরেন রোববার। ফলে, প্রশাসনিক জটিলতা লেগেই থাকে। অধ্যক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একাধিক অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে শিক্ষার্থীদের দাবি। শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন, ওসি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদানও করেছেন। তবে এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
