মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই বাজারে খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এ অভিযানে অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালের জমি অবমুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগই বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী চলমান খাল পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম উপজেলার মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেছিলেন। কিন্তু ভোগই বাজার এলাকায় খালের জমি দখল হয়ে থাকায় এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভোগই বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনোহরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) টিটু কুমার নাথসহ পুলিশের একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।
