ময়মনসিংহের তারাকান্দায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামের আবু হানিফের ছেলে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং মা সৌদি আরব চলে যান। এরপর থেকে সে নানার বাড়িতে থাকতো।
গত জুন মাসের শুরুতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিল্লাল তাকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও পুলিশ খবর পেয়ে ৭ই জুন ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, ঘটনার পর থেকে আসামি বিল্লাল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৪শে জুন (বুধবার) ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৫শে জুন) তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
