মুরাদনগরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর

ফন্ট সাইজ:

কুমিল্লার মুরাদনগরের মহেশপুর গ্রামে পূর্ববিরোধের জেরে হামলায় রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই মেয়ে সামিয়া আক্তার (১৮) ও আছিয়া আক্তার (১৫)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গ্রামটিতে দীর্ঘদিন ধরে দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। প্রায় ছয় মাস আগে একই বিরোধের জেরে আলম নামে এক ব্যক্তি নিহত হন। ওই মামলায় আসামি করা হয় দেলোয়ার হোসেনকে। এরপর থেকে তার পরিবার বাড়িছাড়া ছিল। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাশিদা আক্তার ও তার দুই মেয়ে গরু নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহেশপুর বাজারে পৌঁছালে একদল লোক তাদের পথরোধ করে হামলা চালায়। এতে রাশিদা গুরুতর আহত হন। পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই সালাউদ্দিন বলেন, পূর্ববিরোধের জেরে তার বোনের ওপর হামলা চালানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন