দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মধ্যপাড়া ভাদুরিয়া বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচাশ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভী আক্তার (৮) ও দুলালী আক্তার (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কালনদী নামে একটি মরা নদীতে গোসল করতে যান আকলিমা খাতুন, সুরভী আক্তার ও দুলালী আক্তার। একপর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাদের উদ্ধার করতে যান আকলিমা। তবে তিনজনই পানিতে ডুবে যান।
পরে আকলিমার স্বামী তৌহিদ তাদের খোজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
