সব ইহুদিই তোমার ওপর বিরক্ত- নেতানিয়াহুকে ট্রাম্প

বইয়ে তথ্য

সব ইহুদিই তোমার ওপর বিরক্ত- নেতানিয়াহুকে ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেন। তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেয়ার দাবি জানান এবং বলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত।’ এ তথ্য উঠে এসেছে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের লেখা ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডনাল্ড ট্রাম্প’ বইয়ে।

বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ওই সময় রিপাবলিকান নেতা ট্রাম্প ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। বইটির দাবি অনুযায়ী, উত্তপ্ত ওই কথোপকথনে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদিই তোমার ওপর বিরক্ত। এমনকি এই কলে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।’ তিনি এখানে মার্কিন ইহুদি কর্মকর্তা স্টিভ উইটকফ ও জারেড কুশনারের দিকে ইঙ্গিত করেন। ফোনালাপটি হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময়। সে সময় ট্রাম্প গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং উপত্যকাটি পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছিলেন।

এর আগে ওই মাসে হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর প্রস্তুতির সময় কাতারে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। হামলায় হামাসের শীর্ষ নেতারা নিহত না হলেও সংগঠনটির অন্য কয়েকজন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তারক্ষী নিহত হন। বইটিতে আরও বলা হয়েছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে তিনি ‘পিছু হটতে পারবেন না’। নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, আমি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ভালো বন্ধু। সবাই তোমাকে ঘৃণা করে, আর আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছি। বইটির আরেকটি অংশে দাবি করা হয়েছে, দ্বিতীয় মেয়াদের শুরুতেই ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ‘কন ম্যান’ বা প্রতারক বলে উল্লেখ করেন। বইটির উদ্ধৃতিগুলো এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘিরে মতবিরোধের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক ইতিমধ্যেই টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত আরেকটি ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একেবারে পাগল’ বলে অভিহিত করেন বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা বাড়ানোর কারণে ট্রাম্প ক্ষুব্ধ হন। তার আশঙ্কা ছিল, এই পদক্ষেপ ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন। নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, তুমি একেবারে পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে রক্ষা করছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরাইলকেও ঘৃণা করছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, এক পর্যায়ে ট্রাম্প প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, ‘তুমি আসলে কী করছ?’ তবে পরে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো রয়েছে এবং তাকে কিছুটা সুস্থির রাখাও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে, নেতানিয়াহু বিভিন্ন সাক্ষাৎকারে দুই নেতার মধ্যে কাঠামোগত কোনো সংকটের ধারণা উড়িয়ে দিয়েছেন। তিনি এই মতপার্থক্যকে কৌশলগত মতবিরোধ হিসেবে বর্ণনা করে বলেন, সবচেয়ে ভালো পরিবারগুলোর মধ্যেও এমন ঘটনা ঘটে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর বিষয়ে তার এবং ট্রাম্পের মধ্যে এখনো ঐকমত্য রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন