চিকিৎসাসেবায় গাফিলতি মেনে নেয়া হবে না: রিতা

চিকিৎসাসেবায় গাফিলতি মেনে নেয়া হবে না: রিতা

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের গাফিলতি মেনে নেয়া হবে না। মানুষ যাতে পরিপূর্ণ চিকিৎসাসেবা পায় সেদিকে চিকিৎসকদের আরও বেশি আন্তরিক হতে হবে। গত বুধবার রাতে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে রোগীদের খোঁজখবর এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বিগত দিনে যে ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। রিতা বলেন, চিকিৎসাসেবা এমন একটি খাত যেখানে মানবিকতা ও দায়িত্ববোধ সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সবাইকে আরও যত্নশীল হতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দলীয় নেতাকর্মীদের সরকারি কোনো হাসপাতালে কর্তৃত্ব করা যাবে না। হাসপাতালগুলো তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলবে। এ সময় মন্ত্রী মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের শুরুতেই ছুটে যান রোগীদের কাছে। সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের খোঁজখবর নেন। এরপর মন্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে যান। সেখানে গিয়েও রোগীদের খোঁজখবর নেন। এরপর চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা জাহিদ কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শরিফুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম, সিভিল সার্জন ডাক্তার আইভি ফেরদৌস প্রমুখ। হাসপাতালে সার্বিক পরিবেশ চিকিৎসা কার্যক্রম এবং রোগীসেবার মান পর্যালোচনা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একইসঙ্গে রোগীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন