রেকর্ড গড়েই গ্লাভসজোড়া খুলে রাখলেন ওচোয়া

রেকর্ড গড়েই গ্লাভসজোড়া খুলে রাখলেন ওচোয়া

ফন্ট সাইজ:

বিশ্বকাপ মানেই যেন মেক্সিকোর গোলপোস্টের নিচে এক অপরাজেয় প্রাচীর- গুইলের্মো ওচোয়া। ফুটবল বিশ্ব তাকে একনামে ‘মেমো’ বলে চেনে। পেশাদার ফুটবলকে বিদায় জানালেন সেই মেক্সিকান মহাতারকা। ঘরের মাঠ মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ফুটবলে তার বর্ণাঢ্য অধ্যায়। বিদায়ী ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ পা রেখেছে মেক্সিকো।

ম্যাচের ৭৭ মিনিটে বদলি গোলকিপার হিসেবে মাঠে আসেন ওচোয়া। তখন পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় এই কিংবদন্তিকে। ম্যাচ শেষেও পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানায় তাকে। সতীর্থরা তাকে শূন্যে ছুঁড়ে উদযাপনটাও করে রাখেন। এই মাঠে নামার সঙ্গেই অনন্য এক রেকর্ডের মালিক বনে যান তিনি। ৪০ বছর ৩৪৬ দিন বয়সে বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার কীর্তি গড়েন ওচোয়া। ভেঙে দেন ২০১৮ বিশ্বকাপে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে খেলা আরেক মেক্সিকান কিংবদন্তি রাফা মার্কেজের রেকর্ড।

আরও পড়ুন:
ফিরলেন লিটন

একই সঙ্গে ফুটবল ইতিহাসের এক এলিট ক্লাবেও প্রবেশ করলেন ওচোয়া। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেয়ার অবিশ্বাস্য রেকর্ড ছুঁলেন তিনি। যদিও ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে সাইডবেঞ্চে ছিলেন তিনি। তবে ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর প্রধান গোলকিপার হিসেবে অতিমানবীয় সব সেভ করে ফুটবলপ্রেমীদের মনে তিনি জায়গা করে নেন।
ম্যাচ শেষে ওচোয়া তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘পেশাদার ফুটবল থেকে বিদায় নেয়ার জন্য এর চেয়ে সুন্দর মঞ্চ আর হতে পারত না। ঘরের মাঠে, প্রিয় সমর্থকদের সামনে রেকর্ড গড়ে বিদায় নিতে পারাটা এক পরম পাওয়া। মেক্সিকোর জার্সি গায়ে প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে থাকবে।’

মেক্সিকোর কোচ হাভিয়ের আগিরে তার এই কিংবদন্তি শিষ্যকে নিয়ে বলেন, ‘মেমো শুধু মেক্সিকোর নয়, বিশ্ব ফুটবলের এক অনন্য প্রতীক। ছয়টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা কোনো সাধারণ বিষয় নয়। তরুণদের জন্য সে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন