শিশু ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

শিশু ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে অভিযুক্তকে গণধোলাই ও মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করা হয়। আটক সুমন মিয়া ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটি স্থানীয় ভাদিকারা গুচ্ছগ্রামের জুনু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভাদিকারা গুচ্ছগ্রামে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করে সুমন মিয়া। পরবর্তীতে শিশুটি তার পরিবারের কাছে ঘটনার বিবরণ দেয় এবং জানায় যে এর আগেও সুমন তাকে আরেকবার ধর্ষণ করেছিল।

বুধবার সকাল ৭টার দিকে শিশুটির জবানবন্দির ওপর ভিত্তি করে ভাদিকারা গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্ত সুমন মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে ধরে নিয়ে উপস্থিত লোকজনের সামনে সে তার অপরাধ স্বীকার করে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী শাস্তিস্বরূপ সুমনের মাথা ন্যাড়া করে দেয় এবং পরে লাখাই থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন