ভাতিজার হাতেই খুন হন গৃহবধূ আয়শা, গ্রেপ্তার ২

ভাতিজার হাতেই খুন হন গৃহবধূ আয়শা, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় গৃহবধূ আয়শা বেগম (৪৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন ভাতিজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, নিহতের ভাতিজা মো. সোহাগ (১৭) এবং মো. ওমর আলী (১৯)। বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ২১শে জুন সংঘটিত এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যার পর লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ঘরে নগদ অর্থ থাকার বিষয়টি আগে থেকেই জানতো নিহতের ভাতিজা সোহাগ। সেই টাকার লোভে সহযোগীকে নিয়ে পরিকল্পিতভাবে আয়শাকে হত্যা করে তারা। হত্যার পর ঘরে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১শে জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শুভলং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় আয়শাকে হত্যা করা হয়। ঘটনার সময় তার স্বামী ও সন্তানরা বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আয়শাকে নির্মমভাবে হত্যা করে এবং ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন